সন্ধ্যার মধ্যে যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

Megna Tv

৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

সন্ধ্যার মধ্যে দেশের ৫ এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


বুধবার (৬ মে) অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা এবং বগুড়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 
এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 
উত্তরাঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, শক্তিশালী কালবৈশাখী ঝড় রাজশাহী বিভাগের জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলাগুলোর ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা শুরু করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বেলা সাড়ে ১১টার পর থেকে ঝড় পূর্ব দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। ফলে সাড়ে ১১টার পর থেকে দুপুর ৩টা পর্যন্ত রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঝড়ের উত্তর দিকের অংশ রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করা শুরু করেছে সকাল ৯টার পর থেকে। বর্তমানে দিনাজপুর, রংপুর, নীলফামারী, লালমনিরহাট জেলার ওপর দিয়ে এটি অতিক্রম করছে। এই কালবৈশাখী ঝড়টি দুপুর ২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের জেলাগুলোর এবং চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা শহরের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে দুপুর ২টার পর থেকে বিকেল ৫টার মধ্যে।
  এদিকে আবহাওয়ার পৃথক বার্তা অনুযায়ী আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। 


একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied