চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল।
২২ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬
ইবনুল হাসান রায়হান
চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল।
বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা সদরের ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের আমীর মুহাম্মদ জামাল হোসাইনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে আল আমিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
হামলার শিকার জামায়াত নেতৃবৃন্দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় আল আমিন নামে ওই ব্যক্তি চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আছে বলে তারা জানান। তবে আল আমিন ও তার সহযোগীরা জামায়াত নেতা মুহাম্মদ জামাল হোসাইনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার প্রতিবাদে জগন্নাথপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী নানা স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করে বলেন, হামলাকারীরা শুধু চাঁদাবাজ ও সন্ত্রাসী নয়, তারা অতীতে জুলাই ছাত্র আন্দোলনে হামলার সঙ্গেও জড়িত ছিল। অথচ আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলেছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নাসির আহমেদ মোল্লা। তিনি বলেন,
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়ের সংস্কৃতি বন্ধ না হলে সমাজ কখনো নিরাপদ হবে না।
মুঃ জামাল হোসাইনের ওপর হামলা প্রমাণ করে, সন্ত্রাসীরা এখন প্রকাশ্যে হত্যার চেষ্টা চালাচ্ছে।
এ সময় আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান।
তিনি বলেন, এই হামলা কোনো ব্যক্তির ওপর নয়, এটি ইসলামী আন্দোলন ও ন্যায়ভিত্তিক রাজনীতির ওপর সরাসরি আঘাত।
জগন্নাথপুর ইউনিয়নের জামায়াতের সাবেক আমির জসিম উদ্দিন বলেন,
অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে।
এছাড়াও শ্রমিক নেতা নুর হুসাইন, জামায়াতে ইসলামী নেতা আলফু হাসান, জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে সন্ত্রাসী আল আমিন ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে জগন্নাথপুর ইউনিয়নকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
“দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হলেও এলাকাজুড়ে এখনও উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ অবিলম্বে দোষীদের গ্রেফতার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।