কুমিল্লা বার্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত
৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে বার্ডের লালমাই অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন। তিনি তাঁর উপস্থাপনায় জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, তাৎপর্য ও ঘটনাপ্রবাহ তুলে ধরেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (প্রশাসন) মিজ আইরীন পারভিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন বার্ডের অনুষদ সদস্য, বার্ড মডেল স্কুলের শিক্ষার্থী, একাডেমি কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে বার্ডের অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী ও বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বার্ডের সহকারী পরিচালক মো. ওবায়দুল্লাহ সরদার।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে গত ৩ আগস্ট বার্ডে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
এছাড়া, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।