কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা
কুমিল্লার লাকসামে টাকা লেনদেনকে কেন্দ্র করে সাইফুল ইসলাম সোহান নামে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে মো. মিজানুর রহমান হাজারী (৬৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি ও তার ছেলে মেহেদী হাসানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত)-এর বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের চিকুনিয়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ৮ এপ্রিল লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সাইফুল ইসলামকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন মিজানুর রহমান। সোহান কে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা হয়ে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন (২৬ এপ্রিল) লাকসাম থানায় মিজানুর রহমান হাজারীসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ হত্যা ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি মিজানুর রহমান ও মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
দায়েরকৃত মামলায় রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক সরকার।