মঙ্গলবার ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Megna Tv

২৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

সারাদেশে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন। 

ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনগণকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব ভূমিসেবা পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

গতকাল রোববার (১৭ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন।

তিনি জানান, ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন চালুর ফলে এখন অনেক সেবা ঘরে বসেই পাওয়া যাচ্ছে। তবে নতুন ডিজিটাল সেবাগুলো সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন ও অভ্যস্ত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ মে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সরাসরি সম্প্রচার করা হবে। রাজশাহী বিভাগসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় উৎসবমুখর পরিবেশে একযোগে মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর প্রাপ্তি, মৌজাম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হবে। পাশাপাশি মেলা প্রাঙ্গণেই কিছু সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে। সেবা গ্রহীতারা ই-নামজারি আবেদন জমা, খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ পাবেন।

এ ছাড়া ভূমি সেবা সংক্রান্ত অভিযোগের জন্য জাতীয় হটলাইন ১৬১২২ এবং বিভাগীয় হটলাইন ০১৭০৬৮৮৮৭৮৭ সম্পর্কে ব্যাপক প্রচার চালানো হবে। মেলায় ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেটও বিতরণ করা হবে, যাতে সাধারণ মানুষ সহজ ভাষায় ভূমিসেবা সম্পর্কে ধারণা পেতে পারেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভবিষ্যতে ভূমিসেবাকে একক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ডিজিটাল জরিপ, ল্যান্ড জোনিং এবং জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মালিকানা সনদ প্রদানের উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একই সঙ্গে ডিজিটাল রেজিস্ট্রেশন ও ই-নামজারি চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মেলা সফল করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। সর্বস্তরের মানুষকে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ১৯ মে সকাল সাড়ে ৯টায় নগরীর বোয়ালিয়া ভূমি অফিস থেকে ভূমিসেবা মেলা উপলক্ষে একটি র‌্যালি বের করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলা চলবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied