বন্যায় ব্রাহ্মণপাড়ায় সড়কে ৮৫ কোটি টাকার ক্ষতি
৭ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সড়ক
গোমতী নদী ও সালদা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়ে সম্প্রতি ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা। বন্যার রেশ এখনো কাটেনি। তবে বন্যার পানি উপজেলার গ্রামীণ সড়কসহ বিভিন্ন সড়ক থেকে নেমে গেছে।
পানি নেমে যাওয়ায় ভেসে উঠেছে সড়কের ক্ষয়ক্ষতির চিহ্ন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভয়াবহ বন্যার তাণ্ডবে এ উপজেলার গ্রামীণ সড়কসহ বিভিন্ন সড়কে ৮৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) কার্যালয় সূত্র জানায়, ভয়াবহ বন্যার কবলে পড়ে এ উপজেলার ১৪১ কিলোমিটার পাকা সড়কের মধ্যে ৯২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও গ্রামীণ মাটির সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এ উপজেলায় সড়কে ৮৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, স্মরণকালের ভয়াবহ বন্যার এ উপজেলায় ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের এবং পুকুরসহ উপজেলার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার গ্রামীণ সড়কসহ বিভিন্ন সড়ক তলিয়ে গিয়ে ও বন্যার পানির তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়কে যান চলাচল কষ্টদায়ক হয়ে উঠেছে। তবে যেসব সড়ক ভেঙে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেসব স্থানে দেখা গেছে স্থানীয় তরুণ ও যুবসমাজের উদ্যোগে আপাতত যান চলাচলের উপযোগী করতে সংস্কারকাজ চলছে।
আবার কোথাও কোথাও উপজেলা প্রশাসন, স্বেচ্ছাসেবক ও ছাত্রসমাজের উদ্যোগে সাময়িকভাবে সড়ক মেরামতের কাজ চালানো হচ্ছে। এতে কিছু কিছু সড়কে যাতায়াত ব্যবস্থার উন্নতি ঘটেছে। তবে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যান চলাচলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত সড়কগুলো যতটা দ্রুত সম্ভব সংস্কার করার।