দুপক্ষের তুমুল সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ২০
১৪ ঘন্টা আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
সংগৃহীত ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে মঞ্জুর মিয়া (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মঞ্জুর মিয়া স্থানীয় খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমানের পরিবার ব্যবহার করে আসছিল। তবে একই গ্রামের হেলাল মিয়া ও মনিরুজ্জামানের পক্ষ থেকে জমিটি দখলের চেষ্টা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধের জের ধরে রোববার সকালে হেলাল ও মনিরুজ্জামানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমি দখলের চেষ্টা চালায়। এতে খলিলুর রহমানের পক্ষ বাধা দিলে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে কলেজছাত্র মঞ্জুর মিয়াসহ অন্তত ২০ জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মঞ্জুর মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে রয়েছেন সাফি মিয়া (৩২), মুজিবুর রহমান (৩২), শামিম মিয়া (৫০), মামুন মিয়া (৩১), জুনেদ মিয়া (২৮), রুহেল মিয়া (৩৮), ইমন মিয়া (১৭), কাউছার মিয়া (২২) ও জুয়েল আহমেদ (৩২)।
নিহতের বাবা খলিলুর রহমান অভিযোগ করে বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে তারা ওই জমিতে বসবাস করে আসছেন। প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তার ছেলেকে হত্যা করেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, দীর্ঘদিনের জমি বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।