কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
২০ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে।বৈরী আবহাওয়ার মাঝেও দিবসটি উপলক্ষে আজ সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
দিবসের মূল প্রতিপাদ্য ছিল শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সুস্থ ও নীরব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন বা র্যালি বের করা হয়। র্যালিতে শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক হল রুমে। সভায় বক্তারা বলেন, অতিরিক্ত শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে যানবাহনের হর্ন, লাউডস্পিকার এবং শিল্প কারখানার শব্দ দূষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করা, নির্ধারিত সময়ের বাইরে লাউডস্পিকার ব্যবহার না করা এবং শিল্প প্রতিষ্ঠানে শব্দ নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে।
অংশগ্রহণকারীরা শব্দ দূষণ রোধে নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজে শব্দ দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি শান্তিপূর্ণ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।