শাহ আমানতে দুইদিনে সচল ৩২ ফ্লাইট

Megna Tv

২৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা অবসানের পর স্বস্তি ফিরতে শুরু করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। দীর্ঘ স্থবিরতা কাটিয়ে গত মঙ্গলবার ও বুধবার (১৪ ও ১৫ এপ্রিল) দুই দিনে এই বিমানবন্দরে ৩২টি আন্তর্জাতিক ফ্লাইট সফলভাবে পরিচালিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে করে প্রবাসীদের যাতায়াতের দীর্ঘ প্রতীক্ষা ও ভোগান্তির অবসান হতে যাচ্ছে।

বিমানবন্দর সূত্র জানায়, গত দুদিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্য থেকে ১৭টি যাত্রীবাহী ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং চট্টগ্রাম থেকে ১৫টি ফ্লাইট বিভিন্ন দেশের উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিশেষ করে দুবাই, শারজাহ ও আবুধাবি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটগুলো পুনরায় চালু হওয়ায় বিমানবন্দরে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

তবে গত দুই দিনে ফ্লাইট চলাচল শুরু হলেও শিডিউল ও কারিগরি জটিলতায় ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩টি, এয়ার আরাবিয়ার ২টি এবং সালাম এয়ারের মাস্কাট রুটের ২টি ফ্লাইট রয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া অস্থিতিশীল পরিস্থিতির কারণে বড় ধরনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছিল। এর প্রভাবে বুধবার পর্যন্ত সর্বমোট ৩১৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। তবে যুদ্ধবিরতি ঘোষণার পর পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে।

কর্তৃপক্ষ আশা করছে, আগামী কয়েকদিনের মধ্যেই এয়ারলাইনসগুলোর ফ্লাইট শিডিউল পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। এতে মধ্যপ্রাচ্যগামী ও ফেরত প্রবাসীদের যাতায়াতে চলমান সংকটের স্থায়ী সমাধান হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied