নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন দিলো কারা?

Megna Tv

৪ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
গাজী টায়ার কারখানায় আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় লাগা আগুন দীর্ঘ ২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। সংস্থাটি জানায়, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দীর্ঘ চেষ্টা চালিয়ে সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নিভেছে প্রায় ৩২ ঘণ্টা পর আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে। ভবনটির ভেতরে ‘শত শত ব্যক্তি নিখোঁজ হয়েছেন’ বলে দাবি করেছেন তাদের স্বজনরা। নিখোঁজদের ছবি নিয়ে ভবনের গেটে ভিড় করছেন তারা। এদিকে অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে গিয়ে মিলেছেন চাঞ্চল্যকর তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, ভবনটিতে লুটপাট চালাতে গিয়ে দুই পক্ষের বিবাদে দেওয়া হয়েছে আগুন।

রবিবার (২৫ আগস্ট) রাতে লাগা আগুনের বর্ণনা দিয়ে নাজমুল হাসান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা কারখানার দিকে ছুটে আসি। ৬ তলা ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রথম আগুন দেখেছি। ধীরে ধীরে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ভেতরে অগনিত মানুষ দেখেছি, তা প্রায় তিনশতাধিক হবে। তারা সবাই হুড়োহুড়ি করে নামার চেষ্টা করছিল। আর বাঁচাও বাঁচাও বলে সবাই চিৎকার করছিলেন। ধোঁয়ার কারণে যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন সবাই চিৎকার করছিল। অনেকে প্রাণ বাঁচাতে ভবনটির ছাদে চলে গিয়েছিলেন।’