নতুন আবহে ফিরছে বৈশাখের কালজয়ী গান ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’
১১ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
সংগৃহীত ছবি
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দেওয়া গানগুলোর মধ্যে অন্যতম ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। দীর্ঘ ১৮ বছর আগে কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই গানটি এবার নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে আসছে। আধুনিক সংগীতায়োজন ও সময়ের চাহিদাকে মাথায় রেখে গানটিকে নতুনভাবে নির্মাণের উদ্যোগ নিয়েছে একটি দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান।
গানটির মূল সুরকার ও জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমনই থাকছেন এই নতুন সংস্করণের নেপথ্যে। তিনি জানান, মূল সুরের চিরচেনা আবহ ঠিক রেখে এতে যোগ করা হয়েছে আধুনিক ‘সাউন্ড’ ও প্রযুক্তির ছোঁয়া। নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে গানটিকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই প্রচেষ্টা।
এ প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, ‘এই গানটির জনপ্রিয়তা কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বিশ্বের যেখানেই বাঙালিরা উৎসব করেন, সেখানেই এটি বেজে ওঠে। প্রবাসে গিয়েও গানটির জন্য অভাবনীয় ভালোবাসা পেয়েছি। সময়ের বিবর্তনে নতুন প্রজন্মের কানে গানটি পৌঁছে দিতেই আমরা আধুনিক ঢঙে এটি সাজিয়েছি। আশা করছি, তরুণদের কাছেও এটি আগের মতোই গ্রহণযোগ্যতা পাবে।’
গানটির নতুন সংস্করণে একটি বড় চমক থাকছে কণ্ঠশিল্পীদের ক্ষেত্রে। এবার শওকত আলী ইমনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এই সময়ের চার জনপ্রিয় শিল্পী—ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্নিয়া। কবির বকুলের কথায় গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। সম্প্রতি রাজধানীর ৩০০ ফিট এলাকায় বর্ণিল আয়োজনে গানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
প্রযোজনা সূত্রে জানা গেছে, আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে শিগগিরই গানটি ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে।