গাইবান্ধায় ত্রাণের ১’শ বস্তা চালসহ গোডাউন সিলগালা

Megna Tv

১২ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
গাইবান্ধায় ত্রাণের ১’শ বস্তা চাল

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে বিতরণ না করে গোডাউনে মজুদ রাখা ৩০ কেজি ওজনের ১০০ বস্তা ত্রাণের চালসহ গোডাউনটি সিলগালা করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিম বাজারের একটি গোডাউন থেকে চালগুলো উদ্ধার করে গোডাউন সিলগালা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল।

জানা যায়, বন্যাদুর্গত মানুষের জন্য গত মাসের প্রথম সপ্তাহে চাল উত্তোলন করেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া। ইউনিয়ন পরিষদে চালগুলো না রেখে কছিম বাজারের জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির গোডাউনে রাখেন চেয়ারম্যান। বন্যা পার হলেও চালগুলো বিতরণ করেননি তিনি। এলাকাবাসীর ধারণা চালগুলো গোপনে বিক্রি করার জন্য চেয়ারম্যান ওই গোডাউনে রেখেছেন।

Megna TV 24

তবে কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়ার দাবি, দেশের অবস্থা স্বাভাবিক না থাকায় চালগুলো বিতরণ করা সম্ভব হয়নি। আগামী ২-১ দিনের মধ্যে বিতরণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওয়ালিফ মন্ডল জানান, ইউএনও’র মাধ্যমে বিষয়টি জানেন তিনি। চালসহ গোডাউনটি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ত্রাণের চাল বিতরণ না করে গোডাউনে রাখাটা ঠিক হয়নি। চালগুলো সরকারি হেফাজতে রাখতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। পরে সুবিধাভোগীদের হাতে চালগুলো তুলে দেয়া হবে। তদন্ত সাপেক্ষে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied